
ফরিদপুরের সদরপুরে প্রকাশ্যেই সরকারি খাল ও বিল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে খালের পাড়, কৃষিজমি ও আশপাশের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন সরকারি খাল থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলন করা বালু জরিপের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার সড়কের পাশে জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে বলে সরেজমিনে দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, খাল ও বিল থেকে এভাবে বালু উত্তোলনের ফলে খালের পাড় ভেঙে যাওয়া, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশপাশের সড়ক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে খালের স্বাভাবিক নাব্যতা ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দিনের বেলাতেই প্রকাশ্যে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁদের। এতে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আরও উৎসাহিত হচ্ছেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, সরকারি খাল, বিল বা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




