
পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় জানা গেলেও অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
এনিয়ে ৫ আগস্ট পরবর্তীতে তৃতীয়বারের মতো আটক হলো আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালে ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে আবার গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। পরে চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ। এ ঘটনার কয়েক সপ্তাহ পরেই তারা জামিনে মুক্তি পান।




