
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ২৯ নম্বর উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সংস্থা ‘রুম টু রিড’ (Room to Read)-এর সহযোগিতায় বর্ণাঢ্য ‘পড়া খেলা উৎসব’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পঠন দক্ষতা বাড়ানো এবং আনন্দের মাধ্যমে পড়াশোনার পরিবেশ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উৎসবে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং রুম টু রিডের লিটারেসি ফ্যাসিলিটেটর আবু বকর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ।
শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন ধরনের খেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য ছিল ছবি আঁকা ও রং করা। প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খালি ঘরে সঠিক বর্ণ সাজিয়ে লেখার খেলায় অংশ নেয়। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছিল বর্ণ দিয়ে শব্দ তৈরি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য শব্দ দিয়ে বাক্য গঠনের প্রতিযোগিতা।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অনুচ্ছেদ পড়ে তিনটি প্রশ্নের উত্তর খুঁজে লেখার এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ভুল বানান শনাক্ত করে সঠিকভাবে লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উৎসবের দ্বিতীয় পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে ওয়াটার ফিল্টার, পেন্সিল বক্স, রঙ পেন্সিল, জ্যামিতি বক্স ও হার্ডবোর্ডসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক, অতিথি ও অভিভাবকরা বলেন, রুম টু রিডের সহযোগিতায় আয়োজিত এ ধরনের আনন্দঘন ও খেলাভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি শিশুদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের মেধা ও পঠন দক্ষতার বিকাশে সহায়ক হবে।




