
কিশোরগঞ্জের বাজিতপুরে সাত দফা দাবি আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলিল লেখকরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাজিতপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. তাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দুপুর ১২টার দিকে একই এলাকায় তাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। একই সঙ্গে প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সারাদেশে বিপুলসংখ্যক লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক রয়েছেন। সংশ্লিষ্ট থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারিরও দাবি জানান তারা।
এ ছাড়া দলিল লেখকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার জন্য ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন বাজিতপুর দলিল লেখক সমিতি ও জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা সহদপ্তর সম্পাদক হাজী আনোয়ার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, মো. কামাল হোসেন ও মো. সিহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দলিল লেখকরা।
বক্তারা তাদের সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।




