
নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স না থাকায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের যমুনা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমি ও বসতবাড়ি এলাকায় অনুমোদন ছাড়াই যমুনা ব্রিকস স্থাপন করে ইটভাটা পরিচালনা করে আসছিল। প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় আইন অনুযায়ী ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ছেনমং রাখাইন উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান বলেন, “লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার লাইসেন্সবিহীন সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।




