
লক্ষ্মীপুরের দত্তপাড়ায় চুরির অপবাদ দেয়াকে কেন্দ্র করে মহিউদ্দিন মহিন (৪২) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আগে নিজের মোবাইলে একটি ভিডিও রেকর্ড করে যায় বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে তিনি বিষপান করেন।
মহিউদ্দিন মহিন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরামপুর আব্দুর রহিম ডাক্তার বাড়ির আবু ওসমানের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি প্রতিবেশী লোকমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় মহিনকে অভিযুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।
মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে মহিন দাবি করেন, তিনি চুরি করেননি, কিন্তু তাকে চুরির অপবাদ দেয়া হয়েছে। এতে তার মেয়ের শ্বশুরবাড়ি ও পরিবারের সদস্যরা সামাজিকভাবে অপমানিত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভিডিওতে তিনি লোকমান ও তার পরিবারের বিরুদ্ধে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়ার অভিযোগ করেন এবং সন্তানদের উদ্দেশে ক্ষমা চেয়ে বড় ছেলেকে সবার খেয়াল রাখার কথা বলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, শনিবার থেকে মহিন নিখোঁজ ছিলেন। পরে তার মোবাইলে ধারণ করা ভিডিওটি পাওয়া যায়। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তিনি বিষপান করেন। রাত ৩টার দিকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।




