
মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে নোয়াখালীর সুবর্ণচর। উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন। ইতোমধ্যে এলাকাবাসী একাধিক মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। উপজেলার প্রায় সব এলাকাতেই মাদকের বিরুদ্ধে এ সামাজিক প্রতিরোধ ক্রমেই জোরালো হচ্ছে।
সামাজিক এ আন্দোলনকে আরও গতিশীল করতে চরজব্বর থানা কমিউনিটি পুলিশিং, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজারে আয়োজন করা হচ্ছে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা। এসব কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত থাকছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ও চরজব্বর থানার ওসি রফিকুল হাসান।
আলোচনা সভাগুলোতে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে মাদকসহ যেকোনো অপরাধীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার অনুরোধ করা হচ্ছে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো ধরনের মব তৈরি বা গণপিটুনির মতো ঘটনা থেকে বিরত থাকার জন্যও জনগণকে সতর্ক করা হচ্ছে।
এর আগে সুবর্ণচর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান সুবর্ণচরে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরপর থেকেই বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠতে শুরু করে।
এদিকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম বিভাগের নতুন ডিআইজি দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি বিভিন্ন জেলা পরিদর্শনের অংশ হিসেবে নোয়াখালী সফরে এসে মাদক ও অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
চরজব্বর থানা, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে চলমান র্যালি, আলোচনা সভা ও গণসচেতনতামূলক কার্যক্রম মাদক দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সচেতন মহলের দাবি, চলমান সামাজিক আন্দোলনের ফলে ইতোমধ্যে সুবর্ণচরে মাদকের প্রভাব আগের তুলনায় অনেকটা কমে এসেছে। মাদকমুক্ত সুবর্ণচর গড়তে এ সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এর পাশাপাশি পুলিশিং তৎপরতা আমরা জোরদার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরো বেগবান করবো।
উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন,ইতোমধ্যে উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতে বেশ কয়েকজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সামাজিক আন্দোলন ও আইন প্রয়োগ অব্যাহত রেখেছে।




