
বরগুনার তালতলীতে পৈতৃক ও দখলীয় জমি জবরদখলের অপচেষ্টা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় ভুক্তভোগীরা নিজেদের জমি ও বসতভিটা রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার (২২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব গাবতলীসহ আশপাশের এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় জমি দখলের অপচেষ্টা ও হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নান্নু খা,জহিরুল ইসলাম লিটন,নসা,বিউটি বেগম,টিপু বয়াতী, হাবিল ফকিরসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করে বলেন,জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের পৈতৃক ও দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জমির মালিকরা বাধা দিলে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ কাজে স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বশির ব্যাপারী এবং ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. রিপন চাপরাশি মদদ দিচ্ছেন।
একাধিক ভুক্তভোগী বলেন, নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। পৈতৃক ভিটেমাটি রক্ষা এবং দখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন ও জমি দখলের অপচেষ্টা বন্ধ, হয়রানিমূলক মামলা তদন্ত এবং প্রকৃত মালিকদের সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য বশির ব্যাপারী বলেন,তারা সঠিক কাগজপত্র দাখিল করেনি। তাই ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া হয়নি। সঠিক কাগজপত্র প্রদান করলে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।
জিয়া উদ্দিন মিলন চাপরাশি বলেন,যে জমি বিরোধ চলছে সেই জমির প্রকৃত মালিক তারা না। তারা জোরপূর্বক দখল করে আছেন। আমরা ক্রয় সূত্রে মালিক।




