
নোয়াখালীর সুবর্ণচরে মাদক সেবনের দায়ে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাই এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন,চরক্লার্ক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের নুরুল হুদার ছেলে আইয়ুব (৩৬), মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব চরউরিয়া গ্রামের আবু সাঈদের ছেলে মাসুদ (৪০) এবং একই গ্রামের ছালা উদ্দিনের ছেলে মো. নাছির (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে।




