
নরসিংদীর রায়পুরায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা পরিচালনার দায়ে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলাম ও রায়পুরা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, জনস্বার্থে অনুমোদনহীন ও অনিয়মকারী চিকিৎসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




