
‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খ্রীসা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার হাওলাদার।
সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর পাশাপাশি বার্ধক্যে তাদের নিরাপত্তা, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি সহমর্মী ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রবীণ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




