
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সরকারের বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
আসাদুল হাবিব দুলু বলেন, সরকারি সেবামূলক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।
এ ছাড়া সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




