
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন বুধবার সন্ধ্যায় পৌরসভা এলাকার একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াত-শিবিরের নিহত নেতা কর্মীদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং মামলাগুলো থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াত ইসলামী সীতাকুণ্ড শাখার আমির মোঃ আবু তাহের বলেন, সীতাকুণ্ড থানাধীন বিভিন্ন সময়ে ১১ জন জামায়াত-শিবিরের শহীদ হওয়া নেতা কর্মী মো. রাসেল, মো. ওসমান, আমিনুল ইসলাম আমিন, আব্দুল্লাহ আল রাসেল বাবু, আলমগীর হোসেন, সাকিফুল ইসলাম রাসেল, মো. শাহায়াত উল্লাহ ভূঁইয়া, মো. শাহজাহান, মো. মোশারফ হোসাইন, আবু বকর ছিদ্দিক পারভেজ ও রেজাউল হায়াত রোমানসহ এসব শহীদদের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও পরবর্তীতে মামলার তদন্ত ও কার্যক্রম বিভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। কিছু মামলায় এজাহার থেকে আসামির নাম বাদ দেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
“ফ্যাসিস্ট আমলে যেসব জামায়াত-শিবিরের কর্মীকে হত্যা করা হয়েছে, সেসব বিষয়ে মামলা করা হলেও মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। এ ছাড়া অর্থের বিনিময়ে এজাহার থেকে আসামি বাদ দেওয়া হচ্ছে এবং আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
সংবাদ সম্মেলনে আরও বলেন সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় ছাত্রশিবিরের একজন কর্মীকে আসামি করা হয়েছে। তাদের প্রশ্ন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের কর্মীকে কেন মামলায় আসামি করা হলো? তারা মামলায় আসামি করা শিবির কর্মি কে অব্যাহতির জোর দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানো হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ আরও জটিল হতে পারে। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি বা রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে।
অন্যদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা শহীদদের হত্যা মামলায় চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার, মামলার বাদী-আইনজীবী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগগুলো যথাযথভাবে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্রগ্রাম উত্তরজেলার আইন বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, জামায়াতে ইসলামীর উপজেলা মিডিয়া সমন্বয়কারি আবুল হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উল আলম রাসেল ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।




