
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার সভাপতির পদের কার্যক্রম স্থগিত করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সিদ্ধান্তের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। দলের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদ হোসেন মোল্লাকে টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত ওই আদেশে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।




