
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি যদি গ্রামে গিয়ে কখনো শুনি যে আমি ৫০০ টাকা দিয়েছি ফ্যামিলি কার্ডের জন্য বা ২০০ টাকা দিয়েছি নামটা ওঠানোর জন্য আমি তখন ওই এলাকায় কে দায়িত্বে ছিল তাকে খুঁজে বের করব। আমি আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করব। আমি আমার ওয়াদাটা রক্ষা করব। কিন্তু আমি চাই না এরকম পরিস্থিতি সৃষ্টি হোক।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কায়সার কামাল বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার বলেছিল চার কোটির ঊর্ধ্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে হেল্প কার্ডও আসবে। তখন আমি বিভিন্ন নির্বাচনী সভায় বলেছিলাম কার্ডগুলো হাতে নিয়ে কেউ যেন কখনো একটা টাকাও নিতে না পারে।
তিনি বলেন, গত দেড় দশকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ অনেক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। কলমাকান্দার লেংগুরায় এমনও হয়েছে বিল্ডিংওয়ালা মানুষের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তার মেয়ের বিয়ে হয়েছে ঈশ্বরগঞ্জে সেই মেয়ের নামেও ফ্যামিলি কার্ড হয়েছে। এরকম কিছু অনিয়ম হয়েছিল। সে কারণে আমরা আবার নিয়মের মধ্যে আসার চেষ্টা করছি।
দুর্গাপুরের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, দুর্গাপুরে যখন ফ্যামিলি কার্ডগুলো আসবে তখন মোট ১০৭ জন ১০ জন সুপারভাইজার এবং ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। আপনাদের এই ৯৭ জন এবং ১০ জনের ওপর নির্ভর করবে আমি একটু আগে যে কথাটা বললাম আমার ঈমানি দায়িত্বটা পালন হচ্ছে কি না।
কায়সার কামাল বলেন, আপনারা দয়া করে দল মতের ঊর্ধ্বে উঠে তথ্যগুলো সংগ্রহ করবেন। শুরু করবেন সর্বনিম্ন জায়গা থেকে কুঁড়ে ঘর থেকে অথবা ঘর নেই এমন ছাপড়া ঘর থেকে। আস্তে আস্তে ধাপে ধাপে উঠবেন। হয়তো অনেক বাধা আসতে পারে ওমুকেরটা নিয়েছ আমারটা নাওনি কেন? কোনো বাধা শুনবেন না। উপরে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে হাজির-নাজির করে আপনারা আপনাদের মেধা ও সততা দিয়ে নামগুলো লিপিবদ্ধ করবেন। কারণ এই কাজের জন্যই আপনাদের মেধার পরীক্ষা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি চাই আমাদের এই দুর্গাপুরে একজনও দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হয়। সেই দায়িত্বটি আপনাদের। আশা করছি আপনারা ঈমানের সঙ্গে দায়িত্বটা পালন করবেন।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ সোমেশ্বরী হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়াসহ অনেকেই।




