
গাজীপুরে দুইটি বিদেশি পিস্তল, চার টি ম্যাগজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি ব্ল্যাংক কার্টুজসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার জেলার জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের জানাকুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম।
গ্রেপ্তারকৃত রাসেল রানা জানাকুর এলাকার মো. আসাদ উল্যাহর ছেলে।
এসআরবি জানায়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজিসহ নানান অপকর্ম চালিয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে তার অস্ত্র দেখিয়ে চাঁদাবাজির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পায় এসআরবি।
সংবাদের ভিত্তিতে এসআরবি এর একটি দল রাসেলের বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তার শয়নকক্ষ তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ব্ল্যাংক কার্টুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




