
নড়াইলের লোহাগড়ায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেশ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমির হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা গেছে, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে লোহাগড়া উপজেলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




