
আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের ১ম ও ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১অক্টোবর) নারায়ণগঞ্জ সদর উপজেলা হল রুমে অল্প জায়গায় স্বল্প পুজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, প্রশিক্ষনার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মাশরুম চাষের ওপর গুরুত্বরোপ করেন। অল্প জায়গায় ও তুলনামূলক কম খরচে মাশরুম উৎপাদন সম্ভব হওয়ায় এটি বেকার ও কর্ম প্রত্যাশীদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রশিক্ষণ প্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্য কর্মসংস্থানের সু্যোগ সৃষ্টি করতে পারবেন।




