
নওগাঁর মান্দায় উত্তরা ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন নওগাঁ জজ কোর্টের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলেজে গিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের আদেশের পর তিনি পুনরায় সভাপতি পদে দায়িত্ব নেন। এর আগে তাকে সরিয়ে মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হককে এক মাসের জন্য এডহক কমিটির সভাপতি করা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে অ্যাডভোকেট মিজানুর রহমান হাইকোর্টে রিট করেন।
হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে ছয় মাসের জন্য পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
দায়িত্ব গ্রহণের পর কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান অ্যাডভোকেট মিজানুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর বিকেলে কলেজের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘মনস্তাত্তি¡ক দ্ব›দ্ব ও রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ভালো নয়। আমি যতদিন দায়িত্বে থাকব, প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষকদের নিয়মিত উপস্থিত থেকে যথাসময়ে পাঠদান এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক হতে হবে।’
সহকারী অধ্যাপক ফিরোজ আলম বলেন, ‘কলেজে আটটি বিষয়ে অনার্স চালু রয়েছে। এটি মান্দার অন্যতম বড় শিক্ষাপ্রতিষ্ঠান। অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জটিলতা নিরসনে এখন কাজ করা প্রয়োজন।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়া সহকারী অধ্যাপক আলম হোসেন জোয়ার্দ্দার কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সরকারিকরণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সভায় ভারশোঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান, নওগাঁ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আবু হায়াত রানা, উপজেলা যুবদলের নেতা সিদ্দিক হোসেন, গোলাম রাব্বানীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




