
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় বাসের চাপায় নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় জামালপুর থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
একই পরিবারের নিহত সেই চারজন হলেন- জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তাঁর মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) এবং মর্জিনার ছেলে মিনাল (৫)।
তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই যানবাহনের অতিরিক্ত গতির কারণে কেউ কাউকে সাইড দিতে না পারায় সংঘর্ষটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।



