
ফরিদপুর জেলা কারাগার আবাসিক প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টাফদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী আয়োজনে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর কারাগারের জেলার খোন্দকার আল-মামুন জানান, ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল লাল দল ও সবুজ দলের মধ্যে ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাকে ঘিরে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। দুই দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো কারাগার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
তিনি আরো বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও হাস্যরসাত্মক ‘হাড়ি ভাঙা’ খেলা। চোখ বাঁধা অবস্থায় হাতে লাঠি নিয়ে নির্দিষ্ট স্থানে ঝোলানো হাড়ি ভাঙার চেষ্টায় অংশগ্রহণকারীদের নানা কাণ্ড উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে তোলে। প্রতিযোগীদের ব্যর্থতা ও সাফল্যের প্রতিটি মুহূর্তে সৃষ্টি হয় হাস্যরসের পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার খোন্দকার আল-মামুন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সম্পর্ক ও দলগত চেতনা আরও সুদৃঢ় করার পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যে বিনোদন ও শারীরিক-মানসিক সতেজতা নিশ্চিত করতেই এ ধরনের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় ।




