
ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত হয়েছেন সাতজন। নিহতদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলায়।
শুক্রবার দুপুরে ময়মনসিংহে তাদের বহনকারী সিএনজিকে রাজিব সার্ভিসের বাস চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহত চারজন একই পরিবারের—মোফাজ্জল হোসেন লেবু, তার ৮৫ বছর বয়সী মা রাশিদা বেগম, ২৫ বছর বয়সী মেয়ে মর্জিনা ও পাঁচ বছরের নাতি মিনাল। এছাড়া নিহত হয়েছেন সদর উপজেলার বীর গোবিন্দবাড়ী গ্রামের সিএনজি চালক সুজন আলী, বাদেচান্দি গ্রামের আক্রাম হোসেন এবং তার স্ত্রী মমতা বেগম।
স্বজনরা জানান, গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন মোফাজ্জল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের চারজন।
একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে, ঘাতক বাস ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, গত ২০ মাসে রাজিব পরিবহনের বাসকে ঘিরে অন্তত নয়টি দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় এনে সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।




