
বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে লক্ষ্মীপুরের রায়পুরে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক অনুপ্রেরণামূলক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ১০টি ব্যাচের মোট ২৫০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এতে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শুভ্রজিত রায়।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন টপ-রেটেড ফ্রিল্যান্সার, এনএসডিএ সার্টিফায়েড (লেভেল-৬) ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও প্রশিক্ষক মো. সোলাইমান শেখ নিশান।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এ সময়ে প্রথাগত শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করে আয় করার পাশাপাশি নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সেমিনারে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ক্ষেত্র, আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের কৌশল, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে রায়পুরের তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।




