
জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামপুর উপজেলা যুবদল।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মঞ্জুয়ারা খাতুন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় উপজেলা যুবদল।
যুবদলের দাবি, মামলার অভিযোগ অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সকালে ইসলামপুরে নিজ বাড়িতে গৃহবধূ মঞ্জুয়ারা খাতুনকে মারধর করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইসলামপুরের সি.আর. আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে।
তবে উপজেলা যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত হামিদুর রহমান মলিনসহ সংগঠনের নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে জামালপুরে অবস্থান করছিলেন। ওই সময়ে তারা বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন বলেও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি পক্ষ হামিদুর রহমান মলিনকে ফাসানোর চেষ্টা করছে। মলিন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনায় জড়ানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ সময় প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানায় উপজেলা যুবদল।
সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, সাঈদ খান লোহানী, আলীনুর ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




