
ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচিতে সদর হাসপাতালের চিকিৎসক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
কর্মসূচিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএম ডা. অরূপ পাল, শিশু বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।




