
ঝালকাঠির রাজাপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শনিবার ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম রেজা সজীব।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বই মানুষের জ্ঞান ও মনন বিকাশের অন্যতম মাধ্যম। নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সংগঠক সাংবাদিক মোঃ নেয়ামুল আহসান হিরন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ জান্নাতুল নাঈমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে রাজাপুরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। মেলা আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করছে রাজাপুর উপজেলা প্রশাসন।




