
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে শনিবার প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্কিট হাউজমুখী সড়কের পাশের ড্রেনগুলো পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অভিযানে ড্রেনে জমে থাকা পলিথিন, ওয়ান-টাইম প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের ডাস্টবিন ব্যবহার ও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা হয়। ভবিষ্যতে ড্রেনে বর্জ্য ফেলা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্কতা প্রদান করা হয়।
পরিষ্কার পরিছন্নতা অভিযানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। বাড়ির চারপাশ সহ প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।




