
কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডা পর তাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলে বিরুদ্ধে। পরে ঘটনাস্থলে বাবার মৃত্যু হয়। শনিবার দুপুরে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোর্পদ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর গ্রামের নুরুল ইসলাম শান্তির (৬৫) সাথে শনিবার দুপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ছেলে মমিতুল ইসলাম রাজনের (২৮) বাগবিতণ্ডা এবং পরে কিল-ঘুষির ঘটনা ঘটে। এসময় শান্তি অজ্ঞান হয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক রাজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং রাজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহত শান্তি মূলত কৃষক, বাড়িতে একাধিক গরু-ছাগল পালন করে দিনযাপন করে আসছিল।
নিহত নুরুল ইসলাম শান্তির বড় ছেলে মহিমুল ইসলাম মোহন জানান, আমি হোমনা ঘারমোড়ায় বিকাশের দোকানে চাকরি করি। ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি বাবা মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, রাজনের মা তার বাবার ওয়ারিশসূত্রে প্রাপ্য সম্পত্তি বিক্রি করেছে ৮ লাখ টাকা। গতকাল শনিবার রাজনের মা তার ভাইদের কাছে বিক্রি করা ঐ টাকা থেকে ৩ লাখ ৮৮ টাকা নিয়ে বাড়িতে আসে। শুনেছি সেখানে রাজনের মা’র সাথে তার ভাইদের স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ঝগড়া হয়েছে।
রাজন শুক্রবার রাতে তার মামার বাড়ি সাহাবৃদ্ধিতে ছিল; শনিবার সকালে নিজ বাড়ি ইউসুফপুর এসে বাবা-মা’র কাছে টাকা চায়। মূলত টাকার বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। তবে রাজন আগে গৌরীপুরে একটি ফার্মেসীতে চাকরি করলেও বর্তমানে সে বেকার। বাবার আয়-রোজগারের উপর সে নির্ভরশীল।
তিতাস থানার ওসি মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ছেলেকে স্থানীয় লোকজনদের মাধ্যমে আটক করা হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।




