
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তৃতীয় লিঙ্গের নেত্রী মৌসুমী হিজড়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ তুলে তাকে বন বিভাগের জায়গা থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্দুরিক্যা পাড়া সংলগ্ন কেরানীহাট-বান্দরবান মহাসড়কের পাশে হলুদিয়া ও উদ্দুরিক্যা পাড়ার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস ছফুর, যুবক মো. জাহেদ, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা আক্তার, সৈয়দ হোসেন, জামাল উদ্দিন, হাসিনা আক্তার, রোকেয়া বেগম, উম্মে মর্জিনা আক্তার ও লায়লা আক্তার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মায়ের জাতীয় পরিচয়পত্র না থাকলেও মৌসুমী হিজড়া মিথ্যা তথ্য দিয়ে ওই এলাকার ভোটার হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সুদের কারবারের সঙ্গে জড়িত। একই সঙ্গে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। সম্প্রতি একজনের কাছ থেকে জমি কেনার পর সড়ক ও জনপথ বিভাগের জায়গাসহ আশপাশের আরও জমি দখলে নেওয়ার অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, মৌসুমী হিজড়ার কর্মকাণ্ডে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মামলা-মোকদ্দমার ভয় দেখানো হয়।এ ছাড়া ও এলাকায় অশোভন ও আপত্তিকর কর্মকাণ্ড চালানোর অভিযোগও তোলেন বক্তারা। বন বিভাগের জায়গা দখলমুক্ত করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
অভিযোগের বিষয়ে জানতে মৌসুমী হিজড়ার ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




