
দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শনিবার (৩ অক্টোবর) কাঞ্চন পৌরসভা এলাকায় শীতলক্ষ্যা নদীর বুকে আয়োজিত এ নৌকা বাইচকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বৈঠার ছন্দ, নৌকার তীব্র গতি আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকেই কাঞ্চন পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ শীতলক্ষ্যা নদীর তীরে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়তে থাকে। নদীর দুই তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ উপভোগ করেন প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর দৃষ্টিনন্দন ছুটে চলা।
প্রতিযোগিতা শুরু হলে মাঝিদের ছন্দময় বৈঠার আঘাতে একের পর এক নৌকা দ্রুতগতিতে নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকে। নৌকার গতি বাড়ার সঙ্গে সঙ্গে তীরে থাকা দর্শকদের মধ্যেও দেখা দেয় ব্যাপক উত্তেজনা। পছন্দের নৌকাকে উৎসাহ দিতে করতালি, চিৎকার ও আনন্দধ্বনিতে মুখর হয়ে ওঠে শীতলক্ষ্যার দুই পাড়।
দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এ আয়োজন ফিরে আসায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নদীর তীরে এসে নৌকা বাইচ উপভোগ করেন। শিশু-কিশোরদের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ। অনেকে মোবাইল ফোনে নৌকা বাইচের বিভিন্ন মুহূর্ত ধারণ করেন।
আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ ফিরিয়ে আনতেই দীর্ঘ ১৫ বছর পর এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নদী ও নৌকার সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




