
‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মেজবাউল আলম ভূইয়া সহ জেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।




