
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-১১।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৫ অক্টোবর) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত হিন্দু জমিদারবাড়ির দ্বিতীয় তলার পশ্চিম কোণের একটি কক্ষ থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল উদ্ধার করে র্যাব-১১।
এদিকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দুপ্তারা ইউনিয়নের গির্দা চৌধুরীপাড়ার মৃত আ. হেকিমের ছেলে খোকা মিয়া (৫০), সত্যভান্দি এলাকার আব্দুল মান্নান ওরফে সাধুর ছেলে শরীফুল ইসলাম (৪৩), দেবীপুরা পালপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে আব্দুল্লাহ শাওন (২২), শিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (২০), সিরাজ মিয়ার ছেলে সুমন মিয়া (২০), মুকুন্দী এলাকার ইমান আলীর ছেলে শাহিন, ছোট খামারচর এলাকার লতিফ মিয়ার ছেলে শুভ (৩১), আবুল হাসেমের ছেলে সুমন মিয়া (৩৪), দিঘিরপাড়া এলাকার মোস্তফার ছেলে মারুফ মিয়া (২৭), মারুয়াদী এলাকার দ্বীন ইলামের ছেলে নবীর হোসেন (২৮) এবং পাঁচগাঁও চরপাড়া এলাকার শামসুল হক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, গ্রেপ্তার ১১ জনকে সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।




