
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর (দেওয়ান বাড়ী) এলাকার মৃত মঞ্জিল দেওয়ানের ছেলে নিজাম উদ্দিন (৩৯) এবং তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গত শনিবার (৩ অক্টোবর) রাতে এসআই (নিরস্ত্র) মো. ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় আসামী নিজাম উদ্দিনের বসতঘরে অভিযান চালায়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ১,০০০ টাকা মূল্যমানের ১৬টি জাল নোট (মোট ১৬ হাজার টাকা) উদ্ধার করা হয়। পরে রাত ১২:৪৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে জাল নোটগুলো জব্দ করে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




