
‘শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠ দেন না, আলোর পথে এগিয়ে দেন একটি প্রজন্মকে’—এই ভাবনা সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নওহাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু নাইম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম শরীফ, উজানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু, এসজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, প্রভাকরদী আবুবকর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপার রবিউল ইসলাম এবং ১ নম্বর টেংরাখোলা সরকারি প্রাথমিক মডেল স্কুলের প্রধান শিক্ষিকা আছমা খানমসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও মর্যাদা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।




