
টাঙ্গাইলের কালিহাতীতে মো. রাজীব হোসেন নামে এক ট্রাকচালককে ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মিন্টু নামে এক যুবককে পুলিশ আটক করলেও জড়িত কয়েকজন পালিয়ে গেছে।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব হোসেন (৩২) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু (৩২) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের আরও ৩-৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছি।




