
লক্ষ্মীপুরে এলপিজি গ্যাসের সুষ্ঠু সরবরাহ, বিতরণ ও মজুদ নিশ্চিত এবং ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ডিলার, ডিস্ট্রিবিউটর ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভোক্তাদের কাছে গ্যাসের সহজলভ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, এলপিজি গ্যাস নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি, অবৈধ মজুদ বা সরবরাহে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, এলপিজি ডিলার, ডিস্ট্রিবিউটরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




