
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন মন্ত্রণালয়ের কল্যাণ তহবিল ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এককালীন আর্থিক অনুদানের চেক, নগদ অর্থ এবং ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়া ক্লাবে ফুটবলসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে এ অনুদান ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ ড. মু. মিজানুর রহমান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকেও চেক ও বিশেষ অনুদান প্রদান করা হয়।
এর মধ্যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৩২ জন আদিবাসীর মাঝে মোট ৪০ হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১৫ জনের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা এবং ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, স্থানীয় আদিবাসীদের প্রতিনিধি বিধান সিং এবং অনুদানপ্রাপ্ত সুবিধাভোগীগণ।




