
‘শিক্ষাই জাতির ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খান ইউসুফজ্জী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান।




