
গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কের সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে রায়পুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, জনগুরুত্ব ও যোগাযোগের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কোর রোড নেটওয়ার্কের আওতাভুক্ত সড়কগুলোর তথ্য যাচাই-বাছাই করে উন্নয়ন ও সংস্কারের জন্য অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, সঠিক ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার দেওয়া হলে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে গ্রামীণ জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যোগাযোগ আরও গতিশীল হবে।




