
লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের সচেতন করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) রামগতি উপজেলা সিনিয়র মো শরিফুজ্জামান মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে। তাই নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বক্তারা নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে গ্রহণ করে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




