
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং মোড়ে এলপিজি গ্যাস বিক্রির খুচরা দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে চিরাং মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা করা হয় এবং প্রতিটি দোকানকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এলপিজি গ্যাস বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




