
মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য ও শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, শিবালয় ইউনিয়নের বিট অফিসের এস আই হাবিব, শিবালয় কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের সভাপতি সুনীল দেবনাথ, শিবালয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়াজী, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য আবুল হাশেম ও ইউপি সদস্য মনির হোসেন।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মণ্ডপগুলোর নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিবালয় ইউনিয়নের ১১টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




