
ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ছোট বোন সাইফা আক্তারকে (৬) নিয়ে ঘুমাতে যান জান্নাতুল। সকালে তার ছোট বোন বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত তাকে নিচে নামান।
পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




