
পটুয়াখালীর দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রনগোপালদী গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলম জোমাদ্দার রনগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার বাসিন্দা মো. রত্তন জোমাদ্দারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রনগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়ির এলাকায় ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে আলম জোমাদ্দারের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে তিনি রনগোপালদী বাজারে যান। সেখান থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে ফিরে ঘরের ভেতর তা সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানান।
পরে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্ত্রী খাদিজা বেগম ডাকচিৎকার করেন। এ সময় স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলম জোমাদ্দারের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, রাত ৯টার দিকে তার মামি খাদিজা বেগমের ডাকচিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে আলম জোমাদ্দারকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




