
‘স্বাস্থ্য আগে, সম্পদ পরে—ঔষধি গাছ লাগাই ঘরে ঘরে, গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়ার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং ঔষধি গাছের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় ঔষধি, ফলদ ও বনজ গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।




