
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে।
অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি (সুতি ভরট) গ্রামের বাসিন্দা মোছা. রোজিনা বেগমের (২১) সঙ্গে প্রায় দুই বছর আগে উজ্জল মিয়ার রেজিস্ট্রি কাবিনমূলে বিয়ে হয়। তাদের সংসারে মো. মোজাহিদ নামে ১৩ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগে রোজিনা বেগম বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। প্রায় পাঁচ মাস আগে তাকে মারধর করে শিশুসন্তানকে স্বামীর বাড়িতে রেখে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করছিলেন।
এজাহারে আরও বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে মাইজহাটি (সুতি ভরট) এলাকায় স্বামীসহ কয়েকজনের সহযোগিতায় অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে তার ১৩ মাস বয়সী ছেলে মোজাহিদকে দুই লাখ টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পারেন শিশুটির মা।
পরদিন ২৯ সেপ্টেম্বর রাতে রোজিনা শ্বশুরবাড়িতে গিয়ে ছেলের বিষয়ে জানতে চাইলে আসামিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। পরে ঢাকা জেলার দোহার থানাধীন চর মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাইজহাটি গ্রামের মো. উজ্জল মিয়া (৫০), তার স্ত্রী মোছা. আয়শা খাতুন (৪৫), উচাখিলা ঈশ্বরপুর গ্রামের মোছা. শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহার উপজেলার হরিচন্ডী (চর মাহমুদপুর) গ্রামের মো. আবেদ মোল্লা (৩৫) ও তার স্ত্রী মোছা. শিখা (৩৫)।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় গত ৭ অক্টোবর মামলা হয়েছে। মামলাটি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬/৮ ধারায় রুজু করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ সাজ্জাদ রোমন বলেন- ‘মামলা রুজুর দ্রুত সময়ের মধ্যে পাচারকৃত ১৩ মাস বয়সী শিশু মোজাহিদকে ৭-১০-২০২৬ তারিখে ভোর রাতে ৫.৪৫ মিনিটে ঢাকার দোহার থানার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’




