
ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য (ওয়েস্টেজ) ব্যবস্থাপনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাংলা পাওয়ার কোম্পানি‘র মালবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির বিরুদ্ধে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় ছিনতাইয়েরএই ঘটনা ঘটে।
অভিযুক্ত আজাদুল ইসলাম পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
বর্জ্যসহ ট্রাকটি ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা পাওয়ার কোম্পানিক স্বত্ত্বাধীকারী মো: সোহেল রানা, তিনি বলেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার মাল বোঝাই ট্রাকসহ চালক ও সহকারীকে আটকে রেখেছেন। তবে ট্রাক ছিনতাইয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল সভাপতি আজাদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য (ওয়েস্টেজ) ব্যবস্থাপনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাংলা পাওয়ার কোম্পানি‘র মালবোঝাই একটি ট্রাক উপজেলার দাশুড়িয়া রেলগেট এলাকায় আসলে ট্রাকটির গতিরোধ করেন কয়েকজন। এরপর ট্রাকে থাকা চালক ও তার সহযোগীকে গাড়ী থেকে নামিয়ে পার্শ্ববর্তী একটি দোকান ঘরে বসিয়ে রাখেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম সহ তার সহযোগীরা। সেসময় বাংলা পাওয়ার কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে আটকের বিষয়টি জানান চালক ও আটক কারীরা।
ঘটনা জানতে পেরে তাৎক্ষণাৎ স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করেন ভুক্তভোগী মো: সোহেল রানা। এর প্রেক্ষিতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটকদের উদ্ধারের চেষ্টা করেন।
পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বাংলা পাওয়ার এর মালিক সোহেল রানা ফকির জানান, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন তার মুঠো ফোনে ঘটিত বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে গাড়ী নিয়ে যেতে বলেছেন।
বিষয়টি জানতে চেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন কে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল জানান, আমার চাচাতো ভাই মো: কামরুল হাসান এই বাংলা পাওয়ার কোম্পানির অংশীদার। অংশীদারিত্বের চুক্তিনামাও রয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারনে সেসময় তাকে বঞ্চিত করেছে রানা ফকির ওরফে সোহেল রানা। আমরা সেটারই সমাধানের উদ্দেশ্যে গাড়ীটি কিছু সময়ের জন্য আটকে রেখেছিলাম।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচীব শরিফুল ইসলাম তুহিন রানার সাথে কথা বলেছেন। সমস্যা সমাধানের জন্য সময় লাগবে মর্মে আমরা তাৎক্ষনাৎ গাড়ী ছেড়ে দিয়েছি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, দাশুড়িয়া এলাকায় বাংলা পাওয়ার প্ল্যান্টের বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি গাড়ি আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ির মালিকপক্ষ আমাদের ফোন করেছিলেন এবং তাদের সঙ্গেই আমার কথা হয়েছে। এটা মূলত তাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক কোনো ঝামেলা।
তিনি আরও জানান, বর্তমানে গাড়িটি ঘটনাস্থলেই রয়েছে এবং আটক ব্যক্তিদের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। মালিকপক্ষও সেখানে উপস্থিত আছেন। মালিকপক্ষ জানিয়েছে যে, এটি তাদের নিজেদের ব্যবসায়িক বিরোধ এবং তারা নিজেরাও বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যদি কোনো পুলিশি সহায়তার প্রয়োজন হয়, তবে তারা জানাবেন। এছাড়া পুলিশ টিমও ঘটনাস্থলে অবস্থান করছে।




