
আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখা।
৭ অক্টোবর বুধবার বিকেল ৫ টায় নাচোল বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর এলাকার প্রায় ২৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পৌর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক নুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহ - সেক্রেটারি অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন, নাচোল উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী এবং সহ-সভাপতি স্বপন সাহা, পৌর সভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম।
সমাবেশে বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে পূর্ণ শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে উদযাপিত হতে পারে, সেদিকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার নাচোলে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ও অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তাঁরা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।




