
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরের কোয়ার্টারে চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহে আকিল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে, বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য জুয়েল রানা।
পুলিশ সদস্য জুয়েল রানা বলেন,বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের অভ্যন্তরের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। আটক আকিল যশোর শহরের ঘোপ এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কালু শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের কোয়ার্টারের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। আটক যুবকের দাবি, তিনি ইয়াবা সেবনের উদ্দেশ্যে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানায়েছেন যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।




