
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সমিতির নিয়ম বহির্ভূত অর্থ আত্মসাৎ, ব্যাংক জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের সুষ্ঠ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং সমিতির সভাপতি আক্তার হোসেন এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা ও সি.এন.জি চালক সমবায় সমিতি লি: এর সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক অবরোধ করে তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় সভাপতির ছবি সম্বলিত ব্যানার ও পেস্টুনে আগুন দিয়ে বিক্ষোভ করে সিএনজি চালকরা।
জানা যায়, এর আগে সিএনজি সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা তবলছড়ি চত্বরে মিলিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা অটোরিক্সা ও সি.এন.জি চালক সমবায় সমিতি লি: এর সদস্যদের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সদস্য কামাল হোসেন ও তাজুল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, সভাপতি আক্তার হোসেন সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে সমিতির টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এসময় সভাপতির স্বেচ্ছাচারিতা সহ একাধিক অভিযোগ তুলে সমিতির ন্যায্য হিসাব ও সভাপতির পদত্যাগের দাবি করেন বক্তারা।
পরে, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল শ্রমিকদের ন্যায্য দাবি শীঘ্রই পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।
এসময় সমিতির সদস্য মো: ইকবাল, মো: মাসুদ, মনির হোসেন, রফিকুল ইসলাম, শাহীন শেখ, আলম সহ প্রায় শতাধিক সিএনজি চালক এতে অংশগ্রহণ করেন।




